মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ইচ্ছাকৃতভাবে ডি অ্যাক্টিভেট করে দিয়েছিলেন এক কর্মী। ফলে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ১১ মিনিটের জন্য বন্ধ ছিল।
স্ট্যান্ডার্ট টাইম অনুযায়ী বৃহস্পতিবার রাত ১১টার সময় যখনই কেউ ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টে গিয়েছেন, একটি মেসেজ দেখেছেন। ‘স্যরি দ্যট পেজ ডাস নট এক্সিস্ট’। এরপর চারিদিকে জল্পনা শুরু হয়, প্রেসিডেন্টের টুইটার পেজটিতে এই বার্তা কেন দেখাচ্ছে। তারপর টুইটারের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, এক কর্মীর ভুলে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল অ্যাকাউন্টটি। পরে অবশ্য সত্যিটা সামনে আসে। ১১ মিনিট ডাউন থাকার পর ফের সচল হয় ট্রাম্পের অ্যাকাউন্ট। সোশ্যাল মিডিয়ার এই মাধ্যমকে নিজের মতপ্রকাশের জন্য ট্রাম্প খুব পছন্দ করেন। টুইটারে তার ৪০ মিলিয়ন ফলোয়ার রয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই ছিল ওই কর্মীর টুইটারে চাকরির শেষ দিন। টুইটারের তরফে জানানো হয়েছে, তাদের কাস্টমার সাপোর্টের এক কর্মী তার সংস্থায় চাকরির শেষ দিনে এই কাজটি করে যান। তবে কোন কর্মী এই কাণ্ডটি করেছেন, সেপ্রসঙ্গে টুইটারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
ইত্তেফাক/ইউবি
