আখরোট ভেঙে বিশ্বরেকর্ড কুংফু মাস্টারের!

আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ০৩:০২
আখরোট এক প্রকার বাদাম জাতীয় ফল। এই ফল অত্যন্ত পুষ্টিকর যাতে প্রচুর আমিষ এবং উপকারী ফ্যাটি অ্যাসিড রয়েছে। গোলাকার এই ফলটির ভেতরে একটি বীজ থাকে। পাকা ফলের বাইরের খোসা ফেলে দিলে ভেতরে আরেকটি খোলসযুক্ত বীজ থাকে। ভেতরের এই পাকা বীজটি মূলত এক ধরনের বাদাম যা এন্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। আখরোটের ভেতরের বাদাম যতো নরম আর মোলায়েমই হোক না কেন আখরোটের খোসা কিন্তু বেশ শক্ত। 
 
চীনের এক কুংফু মাস্টার সম্প্রতি এই আখরোটের বদৌলতে গিনেস বুকে নাম লিখিয়েছেন। তবে তার এই রেকর্ড আখরোট খাওয়ার জন্য নয়, আখরোট ভাঙ্গার জন্য। খালি হাতে মাত্র ৫৫ সেকেন্ডে ৩০২টি আখরোট ভাঙ্গেন কুংফু মাস্টার লি উইজুন! এর আগে এই রেকর্ড গড়েন ভারতের এক ব্যক্তি। এক মিনিটে ২১২টি আখরোট ভেঙ্গে রেকর্ড বুকে নাম লেখান ঐ ভারতীয়। তবে তার এই রেকর্ড স্থায়ী হয়েছিল মাত্র এক সপ্তাহ। এখন দেখার বিষয় লি উইজুনের এই রেকর্ড কতদিন স্থায়ী হয়। ইউপিআই।
 
 
ইত্তেফাক/রেজা