নওগাঁ জেলা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, সভাপতি আহত

আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ২৩:০৯

নওগাঁ জেলা প্রেস ক্লাবে রবিবার বিকেল ৩টার দিকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরসহ অগ্নিসংযোগ করেছে। এ সময় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা চ্যানেল আই ও বাসসের নওগাঁ প্রতিনিধি এবং জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনকে বেদম মারপিট করে।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে প্রেস ক্লাবের টেলিভিশন, চেয়ার, টেবিলসহ প্রায় লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

এদিকে হামলার পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে সহকর্মীরা আহত সাংবাদিক কায়েস উদ্দিনকে উদ্ধার করে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় জেলার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশারোফ হোসেন জুয়েল জানান, রবিবার বিকেল ৩টার দিকে সভাপতি কায়েস উদ্দিন ক্লাবে বসে তার দাফতরিক কাজ করছিলেন। এ সময় কথিত সাংবাদিক আজাদ হোসেন মুরাদের নের্তৃত্বে ৭-৮ জনের সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা করে। তারা কেরোসিন ঢেলে আসবাবপত্রে অগ্নিসংযোগ করে। এ সময় হামলাকারীরা প্রেসক্লাবের সভাপতিকে বেদম মারপিট করে পালিয়ে যায়।

আহত সাংবাদিক কায়েস উদ্দিন জানান, ক’দিন আগে প্রেসক্লাবের সদস্যপদ নাবায়ন করা হয়। এতে আজাদ হোসেন মুরাদ নামে ওই কথিত সাংবাদিকের কোন পরিচয়পত্র না থাকায় তাকে প্রেস ক্লাবের সদস্য পদ থেকে বাদ দেয়া হয়। এর জের ধরে মুরাদ ক্ষিপ্ত হয়ে আমার মোবাইল ফোনে দেখে নেয়ারও হুমকি দেয় এবং বলে এরপর আপনার পালা শুরু হবে। রবিবার বিকেলে প্রেসক্লাবের ভিতরে প্রবেশ করে আমাকে মারপিট করে প্রেসক্লাবের আসবাব পত্রে কেরোসিন ঢেলে দিয়ে অগ্নিসংযোগ করে সে ও তার লোকজন।

ঘটনার পর নওগাঁ সদর আসনের এমপি মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক, পুলিশ সুপার ইকবাল হোসেন ও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা প্রেস ক্লাব ভবন পরিদর্শন করেন। পরিদর্শনের সময় সদর আসনের এমপি আব্দুল মালেক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার ব্যবস্থা করা হবে। পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। আইনের উর্দ্ধে কেউ নয়। হামলাকারীরা যত শক্তিশালীই হোক তাদের আইনের আওতায় আনা হবে। এজাহার হাতে পেলেই আসামী গ্রেফতারে অভিযানে নামবে পুলিশ।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত সংশ্লিষ্ট ঘটনায় প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন বাদী হয়ে আজাদ হোসেন মুরাদসহ ৭-৮ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

ইত্তেফাক/নূহু