কাতালোনিয়ার বরখাস্ত ও বিচ্ছিন্নতাবাদী নেতা কার্লেস পুজদেমন ও তার সাবেক চারমন্ত্রী বেলজিয়ামে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। এর আগে বেলজিয়ামে পালিয়ে যাওয়া কাতালান নেতাদের বিরুদ্ধে স্প্যানিশ সরকার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পরে।
এক বিচারক তাদের বহিষ্কার মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত এ পাঁচজনকে বেলজিয়াম ত্যাগ না করার নির্দেশ দিয়েছেন। বিদ্রোহ ও দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর এ সপ্তাহের গোড়ার দিকে তারা স্পেন থেকে পালিয়ে আসেন। কাতালান বিচ্ছিন্নতাবাদীরা স্পেন থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ায় যে জটিল সংকটের সৃষ্টি হয় এটি তার সর্বশেষ ঘটনা। স্পেন থেকে কাতালানবাসীদের স্বাধীনতার ঘোষণা পুরো ইউরোপকে ধাক্কা দেয়।
বেলজিয়াম প্রসিকিউটরদের মুখপাত্র গিলেস দেজিমেপি বলেন, স্থানীয় সময় সকাল নয়টা ১৭মিনিটে তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়। এর কিছুক্ষণ পর প্রসিকিউটর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, আদালত এ পাঁচজনের আবেদনের প্রেক্ষিতে শর্তসাপেক্ষে তাদের জামিন মঞ্জুর করে। পনেরদিন পর আদালতে এ ব্যাপারে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, পুজদেমনকে মাদ্রিদের কাছে ফেরত দিতে বেলজিয়ামকে ৬০ দিনের সময় দিয়েছে স্পেন। এএফপি।
ইত্তেফাক/সাব্বির
