আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে অভিযানে ১৩ বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিবেদন তদন্ত করছে আফগান ও মার্কিন সামরিক কর্তৃপক্ষ। নিহতের এ সংখ্যা নিয়ে দুইরকম তথ্য আসায় এ তদন্ত করা হচ্ছে।
সোমবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। গত শুক্রবার এ নিহতের ঘটনা ঘটে। সূত্র জানায়, কুন্দুজ প্রদেশের চাহারদারা জেলায় সেনা অভিযানে নিহতের ওই সংখ্যা নিয়ে প্রশ্ন উঠে। স্থানীয় এক কাউন্সিল সদস্য বলেন, সেদিনের ঘটনায় ১৩ জন নিহত হয়। কিন্তু প্রাদেশিক গভর্নর জানান, মাত্র একজন নিহত হয়। পরস্পরবিরোধী এ বক্তব্যের জন্য বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। তাই এর সঠিক সংখ্যা কতো তা জানতে এ তদন্ত করা হচ্ছে। বিশেষ করে সাধারণ মানুষের নিহতের সংখ্যা বেড়ে যাওয়ায় বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই তদন্ত কাজ শুরু হয়েছে।
সোমবার চাহারদারার গভর্নর বলেন, নিহতের সংখ্যা নিয়ে অভিযোগ উত্থাপিত হওয়ায় এর যথাযথ তদন্ত হওয়া উচিত। আর আমরা খুব শীঘ্রই তদন্তের ফল প্রকাশ করবো। শনিবার ন্যাটো নেতৃত্বাধীন ‘রিজলিউট সাপোর্ট মিশন’ নিশ্চিত করে যে ঘটনাটি কুন্দুজেই ঘটেছিল এবং সত্যিকারে সেখানে কী ঘটেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। ‘রিজলিউট সাপোর্ট মিশন’ এর মুখপাত্র ক্যাপ্টেন টম গ্রেসব্যাক এক বিবৃতিতে বলেন, অভিযোগটিকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি এবং সে আলোকেই পরবর্তী পদক্ষেপ নিচ্ছি। সেইসঙ্গে তিনি বলেন, এভাবে বেসামরিক নাগরিক নিহত হওয়ায় এর দায়-দায়িত্ব আমাদের উপরেই পড়ে। তাই আমরা আসল ঘটনা বের করার চেষ্টা করছি। রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির
