এবার কাল্পনিক চরিত্রকে নাগরিকত্ব দিল জাপান

আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১০:১৪
এইতো গত মাসেই একটি রোবটকে নাগরিকত্ব দিয়ে আলোড়ন সৃষ্টি করেছে সৌদি আরব। এবার একটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে নাগরিকত্ব দিল জাপান। নাগরিকত্ব পাওয়া এই কৃত্রিম বুদ্ধিমত্তার নাম ‘সিবুয়া মিরাই’। জাপানী ভাষায় মিরাই শব্দের অর্থ ভবিষ্যৎ। বাস্তব জীবনে সিবুয়া মিরাইয়ের কোনো অস্তিত্ব না থাকলেও তাকে নাগরিকত্ব দিয়েছে টোকিও’র একটি জেলা। 
 
জেলার মেয়র অফিস থেকে বলা হয়েছে, মূলত স্থানীয় প্রশাসনকে জনগণের মধ্যে আরো বেশি জনপ্রিয় করার জন্য সিবুয়া মিরাইকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। সিবুয়া মিরাইয়ের প্রধান বৈশিষ্ট্য এটি লিখিত বার্তার মাধ্যমে কথার আদান-প্রদান করতে সক্ষম। সাধারণ মানুষ চাইলে তার সাথে যে কোনো সময় কথা বলতে পারবে। যে কোনো প্রশ্নের উত্তরও রয়েছে তার কাছে।
 
সিবুয়া মিরাইয়ের নাগরিকত্ব দেওয়ার সময় তার প্রাথমিক তথ্য হিসেবে উল্লেখ করা হয়েছে, নাম- মিরাই সিবুয়া, বয়স- সাত, জন্মস্থান- জাপান। সিবুয়ার সঙ্গে কথা বলার জন্য জনগণকে রীতিমত উত্সাহিতও করা হচ্ছে। ইন্ডিয়া ডটকম।
 
ইত্তেফাক/রেজা