দিল্লীতে মারাত্মক বায়ুদূষণ, জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি

আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ০৯:২৬
বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহর বলে পরিচিত দিল্লীতে বায়ু দূষণের মাত্রা গতকাল মঙ্গলবার এই মৌসুমে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পুরো শহর সকাল থেকে ঘন ধোঁয়াশার চাদরে ছেয়ে যাওয়ার পর ভারতের মেডিক্যাল অ্যাসোসিয়েশন পরিস্থিতিকে জনস্বাস্থ্যের জন্য ‘ইমার্জেন্সি’ বলে ঘোষণা করেছে। 
IMG0
দিল্লী সরকারও জানিয়েছে, তারা স্কুল-কলেজ সব আপাতত বন্ধ করে দেয়ার কথা ভাবছে। আজ বুধবার কিছু স্কুল বন্ধ থাকবে। আপদকালীন ব্যবস্থা হিসেবে শহরে গাড়ির পার্কিং ফি চারগুণ বাড়িয়ে দেয়া হয়েছে। গতকাল সকালে পুরো শহর ঘন ধোঁয়াশায় ছেয়ে গিয়েছিল। দিল্লীর বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, এ জিনিস তারা বহুদিন দেখেননি। সব মিলিয়ে পরিস্থিতি যে অত্যন্ত মারাত্মক, সরকারকে চিঠি লিখে সকালেই সে ব্যাপারে সতর্ক করে দেয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। 
IMG1
সংস্থাটির সভাপতি কে কে আগরওয়াল বলেন, জনস্বাস্থ্যের দৃষ্টিতে দিল্লীতে এখন আপদকালীন অবস্থা চলছে। স্কুল ও কলেজ বন্ধ করা দরকার, খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া উচিত, বিশেষ করে শিশু ও বয়স্ক, গর্ভবতী মহিলা বা হৃদরোগীদের। পিএম-টেনের মাত্রা শহরে হাজার ছাড়িয়ে যাচ্ছে, এটা যতক্ষণ না দুশোর নিচে নামছে ততক্ষণ পার্কে গিয়ে জগিং তো দূরের ব্যাপার, হাঁটাহাঁটি করাও অত্যন্ত বিপজ্জনক, বলেন আগরওয়াল। বস্তুত দিল্লির পাঞ্জাবিবাগে এদিন পিএম-টেন বা দশ মাইক্রোমিটারের চেয়ে ছোট পার্টিকুলেট ম্যাটারের মাত্রা ছিল ৯৯৯-নিরাপদ মাত্রার চেয়েও দশগুণ বেশি। দ্য গার্ডিয়ান ও জি নিউজ।
ইত্তেফাক/সেতু