সৌদি আরবে শীর্ষ পর্যায়ে দুর্নীতি দমন বিরোধী অভিযানের বলি হলেন বিশিষ্ট এক যুবরাজ, এমন খবর মঙ্গলবার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে রিয়াদ। খবর এএফপি’র।
প্রয়াত বাদশাহ ফাহাদের পুত্র যুবরাজ আব্দুল আজিজ বিন ফাহাদকে নিরাপত্তা হেফাজতে হত্যা করা হয়েছে অথবা সপ্তাহান্তে চালানো দুর্নীতি বিরোধী ব্যাপক শুদ্ধি অভিযানের প্রেক্ষাপটে গ্রেফতার এড়াতে গিয়ে তিনি নিহত হন বলে সংবাদ প্রচারিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ প্রেক্ষাপটে এক বিবৃতিতে তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘যুবরাজ আব্দুল আজিজ বিন ফাহাদের মৃত্যু নিয়ে যে সংবাদ প্রচার করা হচ্ছে তা একেবারে ভিত্তিহীন এবং এটি শুধুই গুজব।’ তিনি আরো বলেন, ‘যুবরাজ আব্দুল আজিজ জীবিত ও সুস্থ রয়েছেন।’
তবে এ ব্যাপারে সরাসরি মন্তব্যের জন্য যুবরাজকে পাওয়া যায়নি। উল্লেখ্য, ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে প্রধান করে দুর্নীতি দমন কমিশন গঠনের পরপরই সপ্তাহান্তে চালানো ব্যাপক শুদ্ধি অভিযানে যুবরাজ, মন্ত্রী এবং কোটিপতি আল-ওয়ালিদ বিন তালালসহ সরকারের শীর্ষ পর্যায়ের অনেককে গ্রেফতার বা বরখাস্ত করা হয়। আধুনিক সৌদি আরবের ইতিহাসে দেশটির শীর্ষ পর্যায়ে এটি ছিল সবচেয়ে বড় ধরণের শুদ্ধি অভিযান।
IMG0
এদিকে রবিবার অপর যুবরাজ মনসুর বিন মকরিন সৌদি আরবের দক্ষিণে ইয়েমেন সীমান্তের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন। কর্তৃপক্ষ এ হেলিকপ্টার বিধ্বস্তের কারণ প্রকাশ করেনি। এমন শুদ্ধি অভিযান চালিয়ে যুবরাজ মোহাম্মাদ ক্ষমতাকে এমনভাবে কেন্দ্রীভূত করছেন যা সাম্প্রতিক সৌদি আরবের ইতিহাসে নজিরবিহীন। তবে বিশ্লেষকরা এটিকে বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে বর্ণনা করলেও রাজনীতির জন্যে তা অনেক ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে। এএফপি।
ইত্তেফাক/সেতু
