মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাণিজ্য ভারসামহীনতা আর সহ্য করা হবে না। ভিয়েতনামে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো অপারেশন (অ্যাপেক) সম্মেলনে দেয়া ভাষণে তিনি বলেন, আমি সব সময় মার্কিন স্বার্থকে প্রাধান্য দেব এবং অ্যাপেকভুক্ত দেশগুলোকে দ্বিপাক্ষিক ন্যায্য বাণিজ্য রীতি অনুযায়ী চলতে হবে।
ট্রাম্পের ঠিক বিপরীত বক্তব্য রেখেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, বিশ্বায়ন এখন অপ্রতিরোধ্য এবং বহুপার্শ্বিক সম্পর্কের প্রতি সমর্থন প্রদান করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ৫টি দেশ সফর করতে ১২ দিনের সফরে এশিয়া এসেছেন। ইতিমধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন সফর করেছেন। বর্তমানে ভিয়েতনামে অ্যাপেক সম্মেলনে যোগ দিতে গেছেন।
অ্যাপেক প্রশান্ত মহাসাগরীয় ২১টি দেশের অর্থনৈতিক জোট, বিশ্বের জিডিপির ৬০ শতাংশ এই দেশগুলোর হাতে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ট্রাম্প ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুযায়ী অ্যাপেকভুক্ত ১২ দেশের সঙ্গে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তি থেকে বেরিয়ে যান। ট্রাম্পের মতে এই চুক্তিতে মার্কিন অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
