দিল্লিতে ফের জোড় বিজোড় গাড়ি চলাচল ব্যবস্থা

আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ২১:৩১
পরিবেশ দূষণ কমাতে রাজধানী দিল্লিতে ফের জোড়-বিজোড় গাড়ি চলাচল পদ্ধতি চালু করেছে ভারত সরকার। সোমবার থেকে শুরু হচ্ছে জোড়-বিজোড় তত্ত্ব মেনে এই গাড়ি চলাচল। জোড় সংখ্যার গাড়ি চলবে জোড় তারিখে এবং বিজোড় সংখ্যার গাড়ি চলবে বিজোড় তারিখে। 
 
কয়েকদিন ধরে ঘন ধোঁয়াশা দিল্লির বাসিন্দাদের নতুন করে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। নগরীর কোথাও কোথাও বায়ুদূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বেঁধে দেওয়া সর্বোচ্চ সীমার ৩০ গুণ বেশি লক্ষ্য করা যাচ্ছে। ধোঁয়াশার কারণে প্রায় ৬ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে দিল্লিতে। ধোঁয়াশায় অসহ্য মাথাব্যথা, কফ, সর্দি, কাশি ও চোখের সমস্যায় ভুগছেন দিল্লির বাসিন্দারা। নগরী ‘গ্যাস চেম্বারে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সরকার এ পরিস্থিতি সামাল দিতে গাড়ি চালাতে মানুষজনকে নিরুৎসাহিত করা ছাড়াও নির্মাণকাজ বন্ধ রাখার মত আরও অনেক পদক্ষেপ এরই মধ্যে নিয়েছে বলে জানিয়েছেন তিনি। 
 
রাস্তায় যথেচ্ছ ট্রাক ও গাড়ি চলাচলের জন্যই ধোঁয়াশা এত বেড়েছে দিল্লিতে। শ্বাসকষ্টে ভোগা রোগীদেরকে বেশির ভাগ সময় ঘরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। সমস্যা মেটাতে কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে দিল্লি, পাঞ্জাব ও হরিয়ানা সরকারের আমলাদের জরুরি বৈঠকে বসতে বলেছে দিল্লি হাইকোর্ট।  কেজরিওয়াল বলেছেন,  এ ধোঁয়াশার জন্য পাঞ্জাব, হরিয়ানার কৃষকরা দায় এড়াতে পারেন না। তারা ফসলের কাজে না লাগা অংশ পোড়ানোয় যে ধোঁয়া হচ্ছে, সেখান থেকেই সৃষ্টি হচ্ছে এ ধোঁয়াশা। এর হাত থেকে কিছুটা বাঁচতেই আগামী সপ্তাহের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দিল্লির রাস্তায় ট্রাক ও গাড়ি চলাচলের ওপর ‘অড-ইভেন স্কিম’ নামক ওই আংশিক নিষেধাজ্ঞা জারি হচ্ছে। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির