বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে শীর্ষ থাই রাজ কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৬:৫৫
বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়ানো, জোর করে প্রেমিকার গর্ভপাত ঘটানো সহ নানা কুকর্মের অভিযোগে থাইল্যান্ডের রাজ পরিবারের ব্যুরো প্রধান ডিস্টন ভাজারোদায়াবরকে খাস্ত করা হয়েছে। থাই রাজা মহা ভাজিরালংকনের অধীনে কাজ করা তিনিই সর্বশেষ বরখাস্ত হওয়া কর্মকর্তা। 
 
শুক্রবার রাজ প্রসাদের এক বিবৃতিতে এ কথা বলা হয়। থাই রাজ পরিবারের ব্যুরো প্রধান ডিস্টন ভাজারোদায়ার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন এবং জোর করে প্রেমিকার গর্ভপাত করানোর অভিযোগ রয়েছে। তিনি প্রয়াত রাজা ভূমিবলের সময় গ্র্যান্ড চেম্বারলিন হিসাবে কর্মরত ছিলেন।
 
বিবৃতিতে আরো বলা হয়, তার বিরুদ্ধে আমদানি করা গাড়ির করফাঁকি দেয়ারও অভিযোগ রয়েছে। এছাড়া রয়্যাল ফাউন্ডেশনে অনুদানের বিষয়ে জাল ডকুমেন্ট তৈরী করতে কর্মীদের বাধ্য করারও অভিযোগ রয়েছে। তিনি এ ফাউন্ডেশনের প্রধান ছিলেন। ভাজিরালংকন (৬৫) গত বছর তার পিতা রাজা ভূমিবলের মৃত্যুর পর রাজা হিসাবে অধিষ্ঠিত হন। রাজা ভূমিবল প্রায় সাত দশক রাজত্ব করেন।
 
নতুন রাজা তার পিতার জনপ্রিয়তাকে পুঁজি করে রাজত্ব চালালেও রাজতন্ত্রের অবমাননার জন্য কঠোর আইনের কারণে সমালোচনার সম্মুখীন হচ্ছেন। ক্ষমতা আরোহণের পর নতুন রাজা পিতার আমলের অনেক কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির