এবার হুইল চেয়ার থেকে পড়ে গেলেন ইন্ডিগোর যাত্রী

আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৭:০৮
 
এবার হুইল চেয়ারে করে ইন্ডিগোর বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে ঊর্বর্শী  নামে এক যাত্রী আহত হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে লখনউ বিমানবন্দরে এ ঘটনা ঘটে। 
 
জানা গেছে, হুইল চেয়ারে করে বিমান থেকে ঊর্বশীকে নামিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল এক বিমানকর্মীর উপর।  নিয়ে যাওয়ায় সময় মাঝ পথে হুইল চেয়ার থেকে পড়ে গিয়েছিলেন ঊর্বর্শী। তাতে গুরুতর চোট পান তিনি।  এ ঘটনায় ওই নারীর কাছে সোমবার ক্ষমা চেয়ে নেন ইন্ডিগো কর্তৃপক্ষ। পাশাপাশি তারা জানিয়েছেন, ওই বিমানকর্মীর কোনো গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 
 
এনডিটিভিতে প্রকাশিত খবর অনুযায়ী, এ দিন ইন্ডিগোর তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, বিষয়টি অত্যন্ত মানবিক দিক থেকে দেখা হচ্ছে। ঘটনার পরই দ্রুত ওই নারীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। 
 
সম্প্রতি ইন্ডিগো কর্মীদের হাতে দিল্লি বিমানবন্দরে হেনস্থা হয়েছিলেন রাজীব কাটিয়াল নামে এক যাত্রী। টার্মিনালে যাওয়ার জন্য বাসে উঠতে যাচ্ছিলেন রাজীব। সেই সময় ইন্ডিগোর দুই কর্মী তাকে ধাক্কা মেরে সরিয়ে দেন। প্রতিবাদ করলে রাজিবকে মাটিতে ফেলে তারা মারধর করেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের শিরোনামে ইন্ডিগো।
 
ইত্তেফাক/ইউবি