রাষ্ট্রপতির ডিউটি ফেলে অন্তঃস্বত্ত্বাকে হাসপাতালে পাঠালেন পুলিশ কর্মকর্তা

আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ২২:২৭
 
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফরের কারণে রাস্তায় যানবাহনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করায় যানজটে আটকা পড়ে এক অন্তঃস্বত্ত্বা নারী। বিষয়টি বুজতে পেরে ভিআইপি ডিউটি বাদ দিয়ে ওই নারীকে বহন করা গাড়িটি হাসপাতালে পৌঁছার ব্যবস্থা করেন হনুমানগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুদেশ তিওয়ারি। 
 
গত শনিবার ভারতের ভোপালে এই ঘটনা ঘটে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফর ঘিরে শহরের রাস্তায় যানবাহনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। পলিটেকনিক স্কোয়ারে নিরাপত্তার দায়িত্বে ছিলেন হনুমানগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুদেশ তিওয়ারি। হঠাৎ তার চোখে পড়ে এক বৃদ্ধা নারী সাহায্যের আর্জি জানাচ্ছেন।  তিওয়ারি তার কাছে গিয়ে জানতে পারেন ওই বৃ্দ্ধা ও তার স্বামী তাদের অন্তঃস্বত্ত্বা কন্যাকে সন্তানপ্রসবের জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন। কিন্তু যানজটে তাদের গাড়ি আটকে পড়েছে।
 
বিন্দুমাত্র দেরি করেননি তিওয়ারি। যানজট কাটিয়ে কোনওক্রমে ওই গাড়িটি বের করে আনেন। আটকে থাকা অন্যান্য গাড়ির চালকরা ভাবেন, নিজের পরিচিত কাউতে এভাবে সাহায্য করছেন ওই পুলিশ অফিসার। তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কিন্তু বিষয়টি বুঝিয়ে বলার পর অন্য চালকরা শান্ত হন। 
 
তিওয়ারি বলেন, তখন শুধু ওই পরিবারকে সাহায্য করার কথাই মাথায় ছিল। ভিআইপি এলেও তো মানুষের জন্যই আসেন। তাই বিপদাপন্নদের উদ্ধার করাকেই কর্তব্য বলে মনে করেন তিনি। 
 
ইত্তেফাক/ইউবি