শশিকলা ও জয়া টিভির বিপুল ‘অঘোষিত আয়ের’ সন্ধান

আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ২১:৩৫
তামিল নাড়ুর শীর্ষ রাজনীতিক ভিকে শশিকলার পরিবারের সদস্য ও তাদের পরিচালিত জয়া টেলিভিশনের নামে ১ হাজার ৪৩০ কোটি রুপি ‘অঘোষিত আয়ের’ তথ্য পাওয়ার কথা জানিয়েছেন ভারতের আয়কর কর্মকর্তারা। যাদের নামে এই বিপুল পরিমাণ অপ্রকাশিত আয়ের তথ্য মিলেছে বলে অভিযোগ তাদের মধ্যে শশিকলার ভাই ভিকে দিবাকরণও আছে।  
 
বিভিন্ন জায়গায় পাঁচদিন ধরে চালানো অভিযানে আয়কর কর্মকর্তারা নগদ ৭ কোটি রুপি, ৫ কোটি রুপি মূল্যের সোনা ও হীরা জহরতের একটি বড় সংগ্রহ উদ্ধারের কথাও জানিয়েছেন। উদ্ধার হওয়া হীরার মূল্য জানতে বিশেষজ্ঞদের ডাকা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা। “হিসেবের বাইরে থাকা আয়ের পরিমাণ অবশ্যই ১ হাজার ৪৩০ কোটি রুপির থেকেও বেশি। দেশের বিভিন্ন স্থানে যে বিপুল পরিমাণ অর্থ জড়ো করে রাখা হয়েছে, এটা তার প্রমাণ,” অভিযান শেষে বলেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা। শশিকলার পরিবারের সদস্যদের পরিচালিত বেশ কয়েকটি শেল কোম্পানিরও সন্ধান পেয়েছেন আয়কর কর্মকর্তারা। মিলেছে অসংখ্য ‘সন্দেহজনক নথি’। গত বছর মারা যাওয়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শশিকলা অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাঘাম (এআইএডিএমকে) দলের সাধারণ সম্পাদক । দুর্নীতি, মুদ্রা পাচার ও অসামঞ্জস্যপূর্ণ সম্পদের অভিযোগে চলতি বছরের শুরুতে ভারতের সুপ্রিম কোর্ট তাকে চার বছরের কারাদণ্ড দেয়।   
 
অভিযান শুরুর প্রথম দিনই কর্মকর্তারা অভিযোগ করেছিলেন, এআইএডিএমকের সঙ্গে সংশ্লিষ্ট জয়া টিভি গোষ্ঠী বেশ কয়েকটি শেল কোম্পানি ও জাল হিসেব চালায়। কর কর্মকর্তাদের এসব অভিযোগ অস্বীকার করে এআইডিএমকে নেতা টিটিভি ধিনাকরণ বলেছেন, এ অভিযান ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। “দুই হাজার মানুষ দিয়ে পরিচালিত এই মেগা অভিযানের কি প্রয়োজন ছিল? স্পষ্টতই যারা এআইডিএমকে সরকারকে বাঁচাতে চাইছে তাদের লক্ষ্যবস্তু বানানো হয়েছে,” বলেন তিনি। আয়কর বিভাগ অভিযানের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে। ভারতজুড়ে ‘ক্লিন মানি ড্রাইভ’ অপারেশনের অংশ হিসেবেই এ অভিযান বলেও জানিয়েছেন তারা।
 
ইত্তেফাক/সাব্বির