হাইতিতে সরকারের দুর্নীতির বিরুদ্ধে শতশত মানুষের বিক্ষোভ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৫:০৫
হাইতিতে শনিবার সরকারের দুর্নীতির বিরুদ্ধে শতশত বিরোধীদলীয় কর্মী রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। একইসঙ্গে তারা পুনরায় সেনা সমাবেশের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে। খবর এএফপি’র।
 
বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং রেফ্রিজারেটর বহনকারী একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাজধানীর দরিদ্র এলাকার বাসিন্দা রবার্ট নোসেন্ট বলেন, ‘আমরা এই চোরের সেনা দল চাই না। আমাদের এমন একটি সেনাবাহিনী দরকার যারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। সেনারা আমাদের মতো গরীব মানুষকে হত্যা করতে চায়।’
IMG0
সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী আইনজীবী আন্দ্রে মিশেল বলেন, ‘প্রেসিডেন্ট তার অনুগত ও সাধারণ মানুষের ওপর নির্যাতনকারী একটি সেনাবাহিনী তৈরি করছেন। কিন্তু সেনাদের পুনরায় সমাবেশের বিষয়টি জাতীয় বিতর্কের অংশ হওয়া উচিত।’ উল্লেখ্য, উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর কেপ-হাইতিয়েনে ২৩ বছরের মধ্যে এই প্রথমবারের মতো সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু