কেনিয়ার সুপ্রিম কোর্টে কেনিয়াত্তার বিজয় বহাল

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৭:১৯
কেনিয়ার সুপ্রিম কোর্ট সোমবার দেশটিতে ২৬ অক্টোবর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বহাল রেখেছে।  নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে উহুরু কেনিয়াত্তার বিজয়ের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে দুই দফা পিটিশন দাখিল করা হয়। সুপ্রিম কোর্ট পিটিশন দুটি খারিজ করে দিয়েছে।
 
প্রধান বিচারপতি ডেভিড মারাগা বলেন, ‘আদালত সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্তে পৌঁছেছে যে পিটিশনগুলোর কোন গ্রহণযোগ্যতা নেই। এই কারণে ২৬ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বহাল রাখা হল।’ আদালতের এই আদেশের ফলে ২৮ নভেম্বর কেনিয়াত্তার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পথে কোন বাধা থাকলো না।
 
গত আট আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন উহুরু কেনিয়াত্তা বিজয়ী হলেও উহুরুর প্রধান প্রতিদ্বন্দ্বী মারাগা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন। ভোট গ্রহণ প্রক্রিয়ায় অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ এনে তা বাতিল করে দেশটির সুপ্রিম কোর্ট। এরপর কেনিয়ার নির্বাচন কমিশন ২৬ অক্টোবর পুনর্নির্বাচনের তারিখ ঘোষণা করে। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির