জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক ওয়াল্টার স্টেইনমিয়ার জোট গঠনে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের আলোচনা ভেস্তে যাওয়ায় সংকট উত্তরণে নতুন উপায় খুঁজছেন। তিনি রাজনৈতিক সংকটের হাত থেকে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ অর্থনীতিকে রক্ষায় উদ্যোগ নিচ্ছেন।
প্রেসিডেন্ট হিসেবে তিনি আগাম নির্বাচন দেওয়ার ক্ষমতা রাখেন। তাই সংকট উত্তরণে তিনিই এখন মূল কেন্দ্রে অবস্থান করছেন। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিসাবে কূটনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি সকল রাজনৈতিক দলকে পুনরায় আলোচনার টেবিলেও বসাতে পারেন।
রাষ্ট্রের প্রধান হিসাবে প্রেসিডেন্ট ইতিমধ্যে মার্কেলের সাথে বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। প্রেসিডেন্ট এ ব্যাপারে গ্রিন পার্টি ও সোশ্যাল ডেমোক্র্যাটদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া ফ্রি ডেমোক্র্যাটদের সাথেও তার বৈঠকের কথা রয়েছে। তিনি সকলকে ভোটারদের প্রতি তাদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেবেন। এএফপি।
ইত্তেফাক/সাব্বির
