সিরিয়া সঙ্কট নিয়ে মস্কোয় পুতিন-আসাদ বৈঠক

আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ২১:৩৫
সামরিক অভিযান থেকে সরে  সিরিয়া সঙ্কটের রাজনৈতিক সমাধান খোঁজার প্রয়োজনীয়তা নিয়ে বৈঠক করেছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী শহর সোচিতে দুই নেতার মধ্যে বৈঠকটি হয় বলে জানিয়েছে ক্রেমলিন। 
 
রুশ টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে বৈঠকে পুতিন আসাদকে বলেছেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে পুরোপুরি জয়ী হতে এখনও অনেকদূর যেতে হবে। কিন্তু সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের যৌথ কর্মকাণ্ড যতটা জরুরি, একইরকম জরুরি সামরিক অভিযানের সমাপ্তি টানা।’ পুতিন বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক প্রশ্নে ফিরে যাওয়া। যারা শান্তি ও সঙ্কটের সমাধান চায় আপনি (আসাদ) তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত, এটা জেনে আমি সন্তুষ্ট।’
 
অপরদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘এই মুহুর্তে, বিশেষ করে যখন আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় অর্জন করতে পেরেছি, এখন আমাদের নিজেদের স্বার্থেই রাজনৈতিক প্রক্রিয়ার পথে অগ্রসর হওয়া উচিত। বর্তমান পরিস্থিতি ও অর্জিত রাজনৈতিক প্রজ্ঞাও আমাদেরকে ওই পথেই অগ্রসর হতে বলছে, এই প্রক্রিয়ায় বাইরের খেলোয়াড়রা যেন হস্তক্ষেপ না করতে পারে সেজন্য রাশিয়ার সহযোগিতাকে আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করছি।’ 
 
কৃষ্ণসাগর তীরবর্তী সোচির রিসোর্টে সোমবার সন্ধ্যায় বৈঠকটি হলেও মঙ্গলবারের আগে ক্রেমলিন বৈঠকটি সম্পর্কে কিছু জানায়নি। বৈঠকে সিরিয়া নিয়ে একটি ‘শান্তি সম্মেলন’ করা যায় কি না, তা নিয়েও দুই নেতার আলোচনা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। সোমবারের বৈঠকে আসাদ সিরিয়ার সঙ্কট সমাধানের চেষ্টায় রাশিয়ার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। 
 
আসাদের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে পুতিন টেলিফোনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মধ্যপ্রাচ্যের নেতাদের অবহিত করবেন বলেও ক্রেমলিন জানিয়েছে। বুধবার সিরিয়া সঙ্কটের গুরুত্বপূর্ণ দুই অংশীদার ইরান ও তুরস্কের শীর্ষনেতাদের সঙ্গেও পুতিনের বৈঠক হওয়ার কথা রয়েছে। 
 
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, পুতিনের সঙ্গে বৈঠক করতে কঠোর গোপনীয়তার মধ্যে রাশিয়ায় এসে চার ঘণ্টা অবস্থান করেন আসাদ। এই সময়ের মধ্যেই সোচিতে দুই প্রেসিডেন্টের বৈঠক হয়, যেখানে রাশিয়ার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। রাশিয়ার সংবাদ মাধ্যমে স্পুটনিক দুই নেতার বৈঠকের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করে, যেখানে দুই নেতাকে রাশিয়ার সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। আসাদ তার দেশের বিদ্রোহীদের সঙ্গে আলোচনায়ও রাজি বলে রুশ সংবাদমাধ্যমের খবরে ইঙ্গিত দেওয়া হয়েছে। বিবিসি ও রয়টার্স
 
ইত্তেফাক/সাব্বির