সিরাজুলের স্বপ্ন পূরণে এগিয়ে এলেন ওবায়দুল কাদের

আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৭:৫৮
অদম্য মেধাবী সিরাজুলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণ করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
বৃহস্পতিবার দৈনিক ইত্তেফাকে ‘ঢাবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি নিয়ে অনিশ্চয়তা সিরাজুলের’ শীর্ষক প্রতিবেদনটি মন্ত্রীকে আকৃষ্ট করে। মন্ত্রীর নির্দেশে তার দপ্তর থেকে সিরাজুলের সঙ্গে যোগাযোগ করা হয়।
 
জানা যায়, সিরাজুল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা নিতে আগ্রহী। মন্ত্রী সিরাজুলের ভর্তিসহ অন্যান্য খরচের টাকা পাঠিয়ে দেন। এ ছাড়া তার পড়ালেখার খরচ বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে বহন করা হবে বলে তিনি জানান।
 
প্রসঙ্গত, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার তালুক হরিদাস (রইচবাগ) গ্রামের চায়ের দোকানদার মৃত দবিয়ার রহমানের ছেলে সিরাজুল ইসলাম। মেধার স্বাক্ষর রেখে এসএসসি ও এইচএসসি পাসের পর উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ঢাকায় আসে সিরাজুল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে অংশ নেয় ভর্তিযুদ্ধে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ অর্জন করে। কিন্তু অর্থসংকটে সিরাজুলের উচ্চশিক্ষালাভের স্বপ্ন হোঁচট খায়। দরিদ্র সিরাজুলের মা রোজিনা বেগম অন্যের বাড়িতে কাজ করেন। কলেজে অধ্যয়নকালে বিভিন্ন জাতীয় দিবসে হকারের কাজ করতো সিরাজুল। শুধু তাই নয়, পড়ালেখার খরচ যোগাতে অন্যের বাড়িতে শ্রমিকের কাজও করতো সিরাজুল।
 
ইত্তেফাক/ইউবি