ভারতের আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা বলেছেন, ক্যান্সার হচ্ছে পূর্বজন্ম কিংবা মা বাবার পাপের ফসল। তার মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে।
বিজেপির এই রাজনীতিবিদের বলেছেন, আমরা যখন পাপ করি স্রষ্টা আমাদের শাস্তি দেন। আমরা কখনো দেখি অনেক তরুণের ক্যান্সার হচ্ছে অথবা দুর্ঘটনার শিকার হচ্ছে। আপনি যদি খোঁজ নেন তাহলে দেখবেন এটা স্রষ্টার শাস্তি ছাড়া অন্য কিছু মনে হবে না।
তিনি যোগ করেন, হয়তো এই জীবনে বা পূর্বজন্মে বা তার মা বাবার অপরাধে, অথবা হয়তো তরুণটি কিছু করেনি অথচ তার বাবা পাপ করেছে। গীতা, বাইবেলেও বলা আছে কর্মের প্রতিফলের কথা। এই জন্মেই মানুষ তার কৃতকর্মের প্রতিফল পাবে। কেউ তার শাস্তি এড়াতে পারবে না।
ক্যান্সার রোগীরা তার এই মন্তব্যে শোকাহত হয়েছে। বিরোধী দলের নেতারা তার মন্তব্যকে দুর্ভাগ্যজনক অভিহিত করে জনসমক্ষে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। তবে জবাবে টুইটারে দেয়া পোস্টে পাল্টা নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, আমার বক্তব্য কী ক্যান্সার নিয়ে ছিল? আমি শুধু কিছু নতুন শিক্ষককে নিবেদনের সঙ্গে গরীবদের জন্য কাজ করার পরামর্শ দিয়েছি। আমি মনে করি আন্তরিকতার সঙ্গে কাজ না করলে পরজন্মে কর্মের প্রতিফল ভোগ করতে হবে। এতে অসংবেদনশীলতার কী আছে?
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ জানিয়েছে, ক্যান্সার সংক্রান্ত সচেতনতার অভাবে মাত্র সাড়ে ১২ শতাংশ মানুষ প্রথম পর্যায়ে ক্যান্সারের চিকিৎসা নিতে আসে। তাদের ধারণা ২০২০ সালের মধ্যে ভারতে ক্যান্সার রোগীর সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পাবে। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
