সিরিয়ায় গৃহযুদ্ধ বন্ধে জাতিসংঘের মধ্যস্থতায় নতুন করে শান্তি আলোচনা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় এই বৈঠক শুরু হয়। তবে গত সাত বছর ধরে চলমান সংঘাত নিরসনে এই বৈঠক সামান্যই অগ্রগতি আনতে পারবে বলে বিশ্লেষক ও সংবাদমাধ্যমগুলোর ধারণা।
সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে এর আগেও বেশ কয়েক দফার আলোচনায় কোনো সমাধানে হয়নি। জাতিসংঘের মধ্যস্থতায় মোট সাত দফা আলোচনা হলেও কার্যত কোনো ফল পাওয়া আসেনি। এরপরও অক্টোবর-নভেম্বর মাসে আবারও শান্তি আলোচনা শুরু করার ব্যাপারটি গত আগস্টেই নির্ধারণ করে রেখেছিল জাতিসংঘ। নতুন সংবিধান এবং নির্বাচনকে প্রাধান্য দিয়ে এবারের আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়া সংকট সমাধানে জাতিসংঘ যে চারটি সংস্কার প্রস্তাব দিয়েছে এগুলো তারই অংশ।
আলোচনা শুরুর আগে জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত স্টিফান মিস্তুরা বলেন, তার আশা যুদ্ধরত পক্ষগুলো ‘পূর্বশর্ত ছাড়া’ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের রূপরেখার মধ্যে থেকে নতুন করে আলোচনা শুরু করতে পারবে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী পক্ষগুলোর প্রায় ৫০ জন প্রতিনিধি জেনেভা আলোচনায় অংশ নিয়েছে। মঙ্গলবার আলোচনায় প্রথমবারের মতো বিরোধীদের ঐক্যকে পরীক্ষার মুখে পড়তে হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারে আসাদের ভবিষ্যৎ ভূমিকা কী হবে, তা নিয়ে বিরোধীদের মতভিন্নতা দেখা দিয়েছিল। এবার বিরোধীরা আসাদের বিপক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, সিরিয়ার বিরোধী গ্রুপগুলো গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠক করে একজন প্রধান আলোচক নির্বাচন করেন এবং বাশারের বিরুদ্ধে সর্বসম্মতভাবে কিছু প্রস্তাবের বিষয়ে একমত হয়েছিলেন। রয়টার্স ও আল জাজিরা।
ইত্তেফাক/সাব্বির
