চবিতে ফের দিয়াজের মায়ের আমরণ অনশন

আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ২২:১৯
 
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে ফের দ্বিতীয় দিনের মতো কাফনের কাপড়ে অনশন করেছেন দিয়াজের মা। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেন তিনি। পরে রাত সাতটার দিকে প্রক্টরের আশ্বাসে তিনি অনশন প্রত্যাহার করে নেন বলে জানান তার আত্মীয়রা।
 
এই সময় দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী অভিযোগ করে বলেন, “আসামিরা প্রকাশ্য বিশ্ববিদ্যালয়ে ঘুরে ফেরা করলেও পুলিশ কাউকে আটক করছে না। আমার ছেলের আসামিদের গ্রেফতার না হলে সারা রাত আমি এখানে অবস্থান করব। এখানে আমার মৃত্যু হলে প্রশাসনকে এ দায়ভার নিতে হবে।”
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরীর সাথে দিয়াজের মায়ের মুঠোফোনে কথা হয়। তিনি প্রক্টরকে আসামিদের গ্রেফতারের জন্য পুলিশকে লিখিত দেওয়ার অনুরোধ করেন। এরপর আত্মীয়স্বজনরা তাকে বাসায় নিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত দিয়াজের নানু জানান, প্রক্টর স্যারের আশ্বাসে দিয়াজের মা বাসায় যেতে রাজি হন বলে জানান।
 
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরী বলেন, “দিয়াজের মা আমাকে আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছে। বিচারাধীন বিষয়ে বিশ্ববিদ্যালয় কোন ধরনের হস্তক্ষেপ করতে পারেনা।”
 
দিয়াজের আসামিরা প্রকাশ্যে ক্যাম্পাসে ঘুরছে দিয়াজের মায়ের এমন অভিযোগে তিনি বলেন, “ বিশ্ববিদ্যালয় চলবে বিশ্ববিদ্যালয়ের নিয়মে, আইন চলবে আইনের নিয়মে।”
এর আগে একই দাবিতে সোমবার সকাল থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত অনশন করেন তিনি।
 
ইত্তেফাক/আরকেজি