শরৎচন্দ্রর লালু গল্পে প্রথমে বৃষ্টি ও পরে ভূতের ভয়ে পণ্ডিতমশাইয়ের স্ত্রীর মৃতদেহ ফেলেই শ্মশান থেকে পালিয়েছিলেন শ্মশানযাত্রীরা। সেটা ছিল গল্প। কিন্তু বাস্তবেও যে এমনটা দেখা যাবে, তা ভাবা যায়নি। তবে সেটাই ঘটেছে ভারতের মাদুরাইয়ে।
৮০ বছর বয়সি এক বৃদ্ধার মৃত্যু হওয়ার পর তার শেষকৃত্য করতে গিয়ে মৌমাছির পালের হানায় পালিয়ে যেতে বাধ্য হলেন আত্মীয়রা। পালাতে গিয়ে দুজন আহতও হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে দমকল বাহিনীর চেষ্টায় মৌমাছির পালকে তাড়িয়ে বৃদ্ধার সৎকার করা সম্ভব হয়।
মঙ্গলবার ওই বৃদ্ধার মৃত্যু হয়। কিন্তু শেষকৃত্য করতে গিয়ে বিপত্তি ঘটে। হঠাৎ কোথা থেকে মৌমাছির পাল এসে হাজির হয়। নিজেদের বাঁচাতে মৃতদেহ ফেলেই পালিয়ে যান বৃদ্ধার আত্মীয়রা। পুলিশে খবর দেয়া হয়। দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যায়। মশাল জ্বালিয়ে মৌমাছি তাড়ানো হয়। অবশেষে বৃদ্ধার সৎকার করা হয়।
ইত্তেফাক/ইউবি
