উ. কোরিয়াকে উসকানি দিচ্ছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ২১:৫০
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে তার পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচী জোরদার করতে উসকানি দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি উ. কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।
 
সেই আহ্বান প্রত্যাখ্যান করে ল্যাভরভ বলেন, অবরোধ আরোপে এখনো পর্যন্ত সমাধান আসেনি আমরা আরো আলোচনার সমর্থক। এদিকে নিকি হ্যালি বলেন, উ. কোরিয়ার সঙ্গে যুদ্ধ হলে এর নেতৃত্বকে সম্পূর্ণ ধ্বংস করা হবে। বুধবার উ. কোরিয়া হোয়াসং ১৪ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে দাবি করেছে পুরো মার্কিন ভূখণ্ড এখন তাদের ক্ষেপণাস্ত্রের আওতায়।
 
বেলারুশের মিনস্কে দেয়া বক্তব্যে রুশ পররাষ্ট্র মন্ত্রী ইঙ্গিত করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে উ. কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর জন্য উসকানি দিচ্ছে। তিনি বলেন, সব কিছু দেখলে মনে হয় সবকিছু ইচ্ছে করে এমনভাবে করা হচ্ছে যাতে কিম জং উন তার মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে পরামর্শের অযোগ্য কর্মকাণ্ড করতে থাকেন। আমেরিকানদের আমাদের ব্যাখ্যা করে বলতে হবে তারা প্রকৃতপক্ষে কী চাচ্ছে। তারা যদি উ. কোরিয়াতে ধ্বংস করার অজুহাত চায় যেমনটা মার্কিন রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদে বলেছেন তাহলে সেটা তারা পরিষ্কারভাবে বলুক। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্ব সেটা নিশ্চিত করুক।
 
চীন ছাড়াও রাশিয়া অল্প ওই কয়েকটি রাষ্ট্রের মধ্যে অন্যতম যাদের সঙ্গে এখনো উ. কোরিয়ার ভাল সম্পর্ক রয়েছে। রাশিয়া ও চীন দুই দেশেরই নিরাপত্তা কাউন্সিলে ভেটো ক্ষমতা রয়েছে। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির