ট্রাম্পের টুইটে নিন্দার ঝড় যুক্তরাজ্যে

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ০৯:৩০

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটে নিন্দার ঝড় বইছে যুক্তরাজ্যে। দেশটির এমপিরা পার্লামেন্টে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন। তারা ট্রাম্পকে বর্ণবাদী, ফ্যাসিস্ট এবং শয়তান বলে উল্লেখ করেন। তারা ট্রাম্পের টুইট মুছে ফেলারও আহবান জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প একজন কট্টর ব্রিটিশ নাগরিকের ভিডিও রিটুইট করায়ও সমালোচনার সম্মুখীন হচ্ছেন। খবর সিএনএন ও রয়টার্সের।

 

বুধবার সন্ধ্যায় প্রেসিডেন্ট এক টুইট বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের দিকে নজর দিয়েন না, নিজের দেশের ধ্বংসাত্মক মৌলবাদী ইসলামের দিকে নজর দেন। আমরা ভালই করছি’। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টে প্রেসিডেন্ট ট্রাম্পের এই টুইটের কড়া সমালোচনার করেন এমপিরা। মধ্যপ্রাচ্য সফররত প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, ব্রিটেন ফাস্ট দলটির এক নেত্রীর ভিডিও রিটুইট করে প্রেসিডেন্ট ট্রাম্প ভুল করেছেন। হাউস অব কমন্সে সব দলের এমপিরা প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেন।

 

লেবার এমপি স্টিফেন ডটলি বলেন, যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট যার টুইট শেয়ার করেন কোটি কোটি মানুষ। সেই তিনি বিভক্তিমূলক এবং উস্কানিমূলক টুইট করেন। এর মাধ্যমে তিনি ঘৃণা ছড়াচ্ছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হয় বর্ণবাদী, অযোগ্য এবং চিন্তা করার অযোগ্য। এমনকি এই তিনটি বিষয়ই তার মধ্যে থাকতে পারে। কিছু এমপি টুইটটি মুছে ফেলার আহবান জানান। রক্ষণশীল এমপি পিটার বোন বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী যদি ট্রাম্পকে টুইটটি মুছে ফেলতে প্রভাবিত না করতে পারেন তাহলে বিশ্বে এটা ভাল দৃষ্টান্ত হয়ে থাকবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাডও একই মন্তব্য করেন। লন্ডনের মেয়র সাদিক খান এর আগে ট্রাম্পের যুক্তরাজ্য সফর বাতিল করার আহবান জানান।IMG0

 

নিজের টুইটারে তিনটি সাম্প্রদায়িক উস্কানিমূলক ভিডিও পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে দেখা যাচ্ছে কোনোটায় বিশেষভাবে সক্ষমদের ওপরে হামলা হচ্ছে, কোনোটিতে একটি বালককে হত্যা করা হচ্ছে এবং কোনোটিতে গির্জার মূর্তি ভাঙা হচ্ছে। তিনক্ষেত্রেই অপরাধীরা মুসলিম সম্প্রদায়ের। ভিডিওগুলো প্রথমে পোস্ট করেছিলেন ব্রিটেনের ডানপন্থী দল ব্রিটেন ফার্স্ট এর উপ-নেতা জায়েদা ফ্রান্সেন। যুক্তরাজ্যেই এই ভিডিও কড়া সমালোচনা হয়।

 

যুক্তরাজ্যের একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হোয়াইট হাউসের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের রিটুইট নিয়ে আলোচনা করেছেন। ব্রিটেনের মুসলিম কাউন্সিল ট্রাম্পের ওই ভিডিও রিটুইট করায় নিন্দা জানিয়েছে। কাউন্সিল বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার উগ্র দক্ষিণপন্থী মতাদর্শ ও ইসলাম বিরোধী প্রচারণাকে যে স্পষ্টভাবে অনুমোদন করেন এটা তারই প্রমাণ।

 

ইত্তেফাক/এমআর