চীনের কূটনীতি কিমের ওপর প্রভাব ফেলেনি: ট্রাম্প

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ১০:০০
 
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চীনের কূটনীতি উত্তর কোরিয়ার রকেট ম্যান খ্যাত কিম জং উনের ওপর প্রভাব ফেলেনি। গত বুধবারই এর প্রমাণ পাওয়া গেল। এক টুইটার বার্তায় এ কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর রয়টার্সের
 
প্রেসিডেন্ট ট্রাম্প চীনের প্রভাবের কথা অস্বীকার করলেও পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, উত্তর কোরিয়াকে বাগে আনতে চীন অনেক কিছুই করছে। তবে তেল সরবরাহের ক্ষেত্রে চীনকে আরো কিছু করতে হবে বলে মন্তব্য করেন টিলারসন। তিনি চীনের উদ্যোগকেও স্বাগত জানান। টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প কিমকে মানসিক বিকারগ্রস্ত উল্লেখ করে বলেন, সমপ্রতি চীনের প্রতিনিধি উত্তর কোরিয়া সফর করেছেন। কিন্তু সফরের কোনো ফল নেই।
 
বৃহস্পতিবার টুইট বার্তার আগে বুধবারই প্রেসিডেন্ট ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপ করেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক সমাধানে বিশ্বাসী। তিনি আরো বলেন, জাতিসংঘের মাধ্যমে এই পথে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্রের কর্মকান্ড উস্কানিমূলক।
 
বুধবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। কিন্তু যুদ্ধে জড়ালে দেশটির নেতৃত্ব ধবংস হয়ে যাবে। নিক্কি হ্যালি বলেন, যুদ্ধ যদি বাঁধে তাহলে তা উত্তর কোরিয়ার কারণেই হবে। আর এর প্রমাণ আমরা দেখলাম। যুদ্ধ বাঁধলে এ নিয়ে ভুল হওয়ার কোনো সুযোগ নেই যে দেশটির নেতৃত্ব ধ্বংস হয়ে যাবে।
 
ইত্তেফাক/আনিসুর