ইয়েমেনে আবারো অস্ত্রবিরতির আহবান জাতিসংঘের

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৪:১৯
ইয়েমেনে চলমান মানবিক সংকট কাটিয়ে উঠতে রবিবার অস্ত্রবিরতির আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। তার মুখপাত্র একথা জানান। খবর এএফপি’র।
 
মহাসচিবের মুখপাত্র স্টিফান দুজারিক জানান, মহাসচিব ইয়েমেনে বিমান ও স্থল হামলা চালানো থেকে বিরত থাকতে সকল পক্ষের প্রতি আহবান জানিয়েছেন। একইসঙ্গে তিনি গত কয়েকদিন ধরে সশস্ত্র সংঘাত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
IMG0
তিনি আরো বলেন, ‘অ্যাম্বুলেন্স ও চিকিৎসকরা আহতদের কাছে পৌঁছাতে পারছে না এবং লোকজন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এবং অন্যান্য দরকারি কাজ করতে বাইরে যেতে পারছে না। ত্রাণ কর্মীরা তাদের গুরুপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে চলাফেরা করতে পারছে না। অথচ ইয়েমেনের লাখ লাখ নাগরিককে তাদের জীবন বাঁচাতে বিভিন্ন দাতা গোষ্ঠীর সহযোগিতার ওপর নির্ভর করতে হচ্ছে।’
IMG1
ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ’র অনুগত বাহিনীর সহযোগিতায় হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী দখল করে নেয়ার তিনবছর পর তাদের জোট ভেঙ্গে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে সানার রাজপথে উভয়পক্ষ ব্যাপক সংঘাতে জড়িয়ে পড়ে। নিরাপত্তা সূত্র জানায়, এতে প্রায় ৬০ জন নিহত হয়। দেশটির দক্ষিণাঞ্চলের বিদ্রোহী সরকারের সমর্থনে ২০১৫ সালের মার্চ মাসে রিয়াদ ও তাদের মিত্রদের হস্তক্ষেপের পর থেকে ইয়েমেন যুদ্ধে আট হাজার ৭৫০ জনেরও বেশী লোক নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু