সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহীদের অধিকৃত একটি এলাকায় বিমান হামলায় অন্তত ২৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা, ত্রাণকর্মী ও একটি পর্যবেক্ষক গোষ্ঠী। এসব হামলায় আরো বহু লোক আহত হয়েছে বলে সোমবার জানিয়েছে পক্ষগুলো, হামলাকারী বিমানগুলো সিরীয় বিমান বাহিনী ও রাশিয়ার বলে মনে করছেন তারা।
বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার বেসামরিক প্রতিরক্ষাকর্মীরা জানিয়েছেন, হামোরিয়া শহরের একটি বাজার ও নিকটবর্তী আবাসিক এলাকায় চালানো বিমান হামলায় অন্তত ১৭ বেসামরিক নিহত হয়েছেন। এর পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দামেস্কের পূর্বদিকের পূর্ব গৌতা নামে পরিচিত ঘনবসতিপূর্ণ এলাকার কয়েকটি শহরে আরও প্রায় ৩০ বার বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মীরা।
তারা আরও জানান, বিমান হামলায় আর্বিন শহরে আরো চার বেসামরিক এবং মিসরাবা ও হারাস্তা শহরে আরো ছয়জন নিহত হয়েছেন। পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তিন সপ্তাহ ধরে হামলার তীব্রতা বৃদ্ধি করার পর রবিবারের হামলায়ই একদিনে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন। এর আগের ২০ দিনে নারী ও শিশুসহ প্রায় ২০০ বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে গোষ্ঠীটি। সিরিয়ার সেনাবাহিনী ২০১৩ সাল থেকে পূর্ব গৌতা অবরোধ করে রেখেছে। সাম্প্রতিক মাসগুলোতে অবরোধ আরো কঠোর করেছে সিরীয় সরকার।
জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ার সরকারি বাহিনী পূর্ব গৌতার উদ্দেশে পাঠানো ত্রাণবহর আটকে দেয়ায় অবরুদ্ধ ওই এলাকার প্রায় ৪০ হাজার বাসিন্দা ‘পুরোপুরি বিপর্যয়ের’ মুখে পড়েছে। এলাকাটির গুরুতর আহত লোকজনকে চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে সরিয়ে নেওয়া প্রয়োজন হলেও তাদের অবরুদ্ধ এলাকাটির বাইরে আসতে দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছে বিশ্ব সংস্থাটি। রয়টার্স
ইত্তেফাক/ইউবি
