কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৯
 
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক বৃদ্ধ কয়েদির মৃত্যু হয়েছে। কয়েদি আব্দুর রহিম (৯২) নেত্রকোনার আটপাড়া উপজেলার মির্জাপুর গ্রামের মৃত করিম নেওয়াজের ছেলে।
 
ওই কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, আব্দুর রহিম বুধবার ভোরে কনডেম সেলে অসুস্থ হয়ে পড়েন। টের পেয়ে প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সকাল সোয়া ৭টার দিকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
তিনি আরো জানান, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। নেত্রকোনার আটপাড়া থানার একটি হত্যা মামলায় আব্দুর রহিম ও তার দুই ছেলেকে ফাঁসির দণ্ডাদেশ দেন আদালত। ২০১৫ সালের ১৭ মে তাদের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয়। বাবা ও দুই ছেলে কারাগারের একই সেলে থাকতেন।
 
ইত্তেফাক/আরকেজি