ঢাকা ও গাজীপুর থেকে ১৯টি মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন- কালাম, ওয়াজেদ আলী, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, রাজন ও রাকিব। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
বৃহস্পতিবার ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা দিনের বেলায় পার্কিং ও খোলা জায়গায় রাখা মোটরসাইকেলগুলো বিশেষ কায়দায় চুরি করে নিয়ে যায়। রাতে বাসার গেটের তালা ভেঙে মোটরসাইকেল চুরি করতো। পরবর্তী সময়ে সেগুলো ইন্ডিয়ান টানা গাড়ি বলে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হতো।
এদিকে, গত বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার ৩৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭৮ গ্রাম ৩৪০ পুরিয়া হেরোইন, ১ কেজি ৩৮০ গ্রাম গাঁজা ও ৫৫পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি
