ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।
বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর বাড্ডার আফতাব নগর জহিরুল ইসলাম সিটির বর্ধিত প্রকল্পের ফাঁকা প্লটে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, ওত্ পেতে থাকা একটি ডাকাত দলের সঙ্গে ডিবি পুলিশের এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের দুটি লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তবে একটি সূত্র জানিয়েছে, গত ১৪ নভেম্বর রাজধানীর বনানীতে রিক্যুটিং এজেন্সির অফিসে প্রবেশ করে ওই প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক মুন্সিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় হেলাল উদ্দিন নামে এক পরিকল্পনাকারীকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। হত্যার ঘটনার সঙ্গে আরো দুই সন্ত্রাসীকে পুলিশ সনাক্ত করে। তারা হলেন— আল আমিন ও সাদ্দাম। এই লাশ তাদেরই!
