ক্যালিফোর্নিয়ায় দাবানল: দুই লাখ মানুষ সরানো হয়েছে

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ২১:১২
ক্যালিফোর্নিয়ায় দাবানল আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে এই আশঙ্কায় প্রায় দুই লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভেনচুরা কাউন্টিতে অগ্নিদগ্ধ হয়ে একজন নারী মারা গেছেন বলে জানা গেছে। তবে ভেনচুরার স্টার নিউজের খবরে বলা হয়েছে, তিনি গাড়ি বিষ্ফোরণে মারা গেছেন,যা আগুনের ঘটনার সাথে সম্পৃক্ত নয়।  
 
বৃহস্পতিবারই গভর্নর জেরি ব্রাউন সান দিয়েগোতে জরুরি অবস্থা জারি করেন। কয়েক ঘন্টার মধ্যে ১০ একর থেকে ৪ হাজার ১শ একরে জমিতে আগুন ছড়িয়ে পড়লে ওই জরুরি অবস্থা জারি করা হয়। আগুন নেভাতে গিয়ে এ পর্যন্ত দমকল বাহিনীর তিনজন কর্মী আহত হয়েছেন। এছাড়া এতে পাঁচশত ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভাতে ৫ হাজার ৭শ জন দমকল কর্মী প্রাণপনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে তাদের জন্য সহায়তার আবেদন করা হয়েছে। আগুন ভেনচুরা কাউন্টি থেকে উত্তর লস এঞ্জেলেসের দিকে যাচ্ছে। সোমবার থেকে শুরু হওয়া এ আগুনে ৪৬৬ বর্গ কিলোমিটার এলাকার ক্ষতি হয়েছে। 
 
বিবিসির সংবাদদাতা ভেনচুরার ওঝাই থেকে জানান, আগুন পাহাড় পর্যন্ত ছড়িয়ে গেছে। আগুন নেভাতে ১শটি অগ্নিনির্বাপন যন্ত্র সেখানে পাঠানো হয়েছে। সান দিউগো থেকে রয়টার্সের এক ফটোগ্রাফার জানান, যেভাবে আগুনে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তা দেখলে মনে হয় যেন সেখানে বিষ্ফোরণে সবকিছু ধ্বংস হযে যাচ্ছে। সেখানে থাকা প্রায় ৪৫০ রেসের ঘোড়ার অবস্থা কি হয়েছে তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এদের মধ্যে সবাই জীবিত নেই। এপির খবরে বলা হয়েছে,একই তথ্য দিয়ে জানিয়েছে ঠিক কতজন মারা গেছে তা জানা যায়নি। বৃহস্পতিবার বিকালে ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানায়, আগুনের ভয়াবহতায় তারা বাধ্য হয়েছেন অনেককে সরিয়ে নিতে। সেসময়ে প্রায় ১ লাখ ৮৯ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছিল।  
 
এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন। সেইসঙ্গে তারা প্রস্তুত রয়েছেন যদি জরুরিভিত্তিতে কোন সহায়তা প্রয়োজন হয়।  
 
ইত্তেফাক/সাব্বির