দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। ২০১৬ সালের ৬ ডিসেম্বর সংগঠনটি যাত্রা শুরু করলেও বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন হলো ৭ ডিসেম্বর। টিএসসিতে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ, সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ এন্ড সোশাল সায়েন্স এর পরিচালক অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ছিলো ‘উন্নয়ন গবেষণা’ ওপর প্যানেল আলোচনা। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক, গবেষক, এমিরেটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মনজুরুল করিম।
অনুষ্ঠানের তৃতীয় সেশন ছিলো তরুণ গবেষকদের সুযোগ ও চ্যালেঞ্জের ওপর বিশেষ সেমিনার। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন কারাসের সিনিয়র রিসার্চ ফেলো কাজী সামিও শীষ, ওপেন একসেস বাংলাশের প্রতিষ্ঠাতা কনক মনিরুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুস সামাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক গোলাম রাব্বানি, টিআইবির রিসার্চ এন্ড পলিসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আবু সায়েদ মো: জুয়েল মিয়া, এটুআই এর গবেষক (বিসিএস শিক্ষা) রাকিব রোকন, ঢাকা বিশ্ববিদ্যালয় মডার্ন ল্যাংগুয়েজেস ইনস্টিটিউটের কোরিয়ান ভাষার শিক্ষক শিউলি ফাতেহা এবং তরুণ গবেষক ও লেখক আরিফ রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান গবেষণা সংসদের উদ্যোগের প্রশংসা করে বলেন, খুব বেশি মানুষ গবেষণা করবে, পৃথিবীর কোথাও এরকম দৃষ্টান্ত নেই। যাদের মধ্যে ক্রিটিকাল আউটলুক থাকবে তারাই গবেষণা করতে পারবে এবং তাদের মধ্যে গবেষণার চেতনা সৃষ্টি হবে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে ক্রিটিকাল আউটলুক থাকতে হবে। শিক্ষার্থীদের মানসিক কাঠামোর মধ্যে গবেষণা মনোভাব নিয়ে আসতে হবে। এই যে ক্রিটিকাল ইন্টারপ্রিটেশন এটাই তাদেরকে গবেষণায় উদ্বুদ্ধ করবে।
ইত্তেফাক/আনিসুর
