সুন্দরবনের ঢাংমারী নদীর পাড়ে ম্যানগ্রোভ বৃক্ষের চারা রোপণ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৮:৩১
 
উপকূলীয় বাঁধ রক্ষা, কৃত্রিম বনায়ন ও ম্যানগ্রোভ ফরেস্টের আয়তন বৃদ্ধির লক্ষ্যে দাকোপ উপজেলার সুন্দরবনের ঢাংমারী নদীর পাড়ে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। কোরিয়ান গ্রিন ফাউন্ডেশনের সহযোগিতায় ও বেসরকারি সংস্থা বেডস কোরিয়ান উরি ব্যাংকের অর্থায়নে আজ রবিবার এ বৃক্ষ রোপণ কার্যক্রম উদ্বোধন করে।
 
ইকোভিলেজ প্রকল্পের আওতায় সুন্দরবন সংলগ্ন নদীর পাড়ের তিনটি গ্রামে প্রায় ৫ শতাধিক সুন্দরী, উড়া, কেওড়া, বাইন ও কাঁকড়া গাছের চারা রোপণ করা হয়।
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোরিয়ান গ্রিন ফাউন্ডেশনের প্রতিনিধি সু জ্যাং ক্যাং, এম এস চোইই, স্কুল শিক্ষক রজত শুভ্র গাইন, হিমাংশু বিশ্বাস, ইসরাফিল বয়াতি, বিশ্বজিৎ গাইন, বেডস এর ইকো ভিলেজ প্রকল্প ব্যবস্থাপক ফেরদৌসী শারমিন, সৌমিত্র চক্রবর্তী, জাহানারা মনি, মাঠ কর্মী প্রশান্ত দেব প্রমুখ। বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন পরিবেশ গবেষক সাংবাদিক গৌরাঙ্গ নন্দী।
 
বেডস্ এর ইকো ভিলেজ প্রকল্প ব্যবস্থাপক সৌমেন চক্রবর্তী জানান, ২০১৫ সালের জুন মাস থেকে সুন্দরবন উপকূলীয় অঞ্চল ও বাঁধ রক্ষা, কৃত্রিম বনায়ন, ম্যানগ্রোভ ফরেস্টের আয়তন বৃদ্ধির লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রায় ৬০ হাজার ম্যানগ্রোভ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।
 
ইত্তেফাক/আনিসুর