জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশের ৪৭তম বিজয় দিবস উদযাপন করেছে। মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার সকালে (১৬ ডিসেম্বর) দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা পতাকা উত্তোলন করেন। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।
দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে পরবর্তী অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বাণী পাঠ করা হয়। এসময় রাষ্ট্রদূত সকলের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন। বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসের কথা তুলে ধরে তিনি সবাইকে দেশের উন্নয়নে অবদান রাখার এবং জাপানে বাংলাদেশের মর্যাদা অটুট রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাইকার ভাইস প্রেসিডেন্ট হিদেতোশি ইরিগাকি, জাপান-বাংলাদেশ সোসাইটির সভাপতি রাষ্ট্রদূত মাতসুহিরো হরিগুচি এবং জাপান প্রবাসী নেতৃবৃন্দ। রাষ্ট্রদূত হরিগুচি তাঁর বক্তব্যে বাংলাদেশের কঠোর সংগ্রামের বর্ণনা দেন এবং বাংলাদেশের বর্তমান উন্নয়নের প্রশংসা করেন। IMG0
জাপানের মাটি ও মানুষের কাছে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াসের জন্য স্বরলিপি কালচারাল একাডেমী ও উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপকে জাপানে বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে প্রথমবারের মতো এম্বাসাডার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্ববোধক গান, কবিতা ও ছড়া আবৃত্তি করা হয়। সেখানে স্বরলিপি কালচারাল একাডেমী ও উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপান ছাড়াও টোকিও ইউনিভারসিটির ফরেন স্টাডিজ অনুষদের একটি দল বাংলায় গান পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত দেশি-বিদেশি অতিথিগণ মন্ত্রমুগ্ধের মত সকল আয়োজন উপভোগ করেন।
IMG1
সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় এবং বাংলাদেশি খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই
