প্রাগৈতিহাসিক হাতির কঙ্কাল বিক্রি হল রেকর্ড মূল্যে

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৮:০৫
হাতি মরলেও লাখ টাকা সেই প্রবাদকে সত্যি প্রমাণ করেই প্রাগৈতিহাসিক হাতির (ম্যামথ) কঙ্কাল বিক্রি হয়েছে ৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলারে। ফ্রান্সের লিঁও শহরে নিলামে রেকর্ড দামে বিক্রি হল।
 
ব্যক্তিগত সংগ্রহে থাকা এটাই সবচেয়ে বড় হাতির কঙ্কাল। এই কঙ্কালটি একটি বিরল উদাহরণ কারণ এর ৮০ শতাংশ সত্যিকারের হাড় দিয়ে গঠিত আর বাকিটা রেসিন ব্যবহার করে সিনটেথিক ভাবে প্রস্তুত করা হয়েছে। ১০ বছর আগে সাইবেরিয়ান পার্মাফ্রস্ট থেকে এই পুরুষ ম্যামথটি উদ্ধার করা হয়।
 
বিজ্ঞানীরা ম্যামথটি পরীক্ষা করে দেখেছেন এর দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য খাদ্য গ্রহণ করতে অসমর্থ হয়ে পড়লে হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা গবেষকদের। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বরফ গলে যাচ্ছে, বিশেষ করে সাইবেরিয়ার পার্মাফ্রস্ট এলাকা। আর এতে ক্রমাগত বিশ্বের বিভিন্ন অঞ্চলে ম্যামথের কঙ্কাল পাওয়া যাচ্ছে বলে মনে করেন ম্যানচেস্টার আর্থ সায়েন্স কালেকশন মিউজিয়ামের কিউরেটর ডেভিড গেলসথর্প। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির