কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহন বাসে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাসে এ হামলার ঘটনা ঘটে। এতে বাস চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এদিকে এ সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি। গতকাল কর্মচারী সমিতির আহ্বায়ক মো: নজরুল ইসলাম এবং সদস্য সচিব মো: মহসিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির এ সময়সীমার কথা বলা হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস দৌলতপুর চৌরাস্তায় পৌঁছালে একটি মোটরসাইকেল পেছন থেকে পাশ কাটিয়ে যেতে না পারায় বাসের চালকের উপর ক্ষিপ্ত হয়ে বাস চালককে গালি দেয় এবং পথ রোধ করে। এতে বাস চালক সুমন চন্দ্র দাস প্রতিবাদ করায় তাকে গাড়ি থেকে নামিয়ে হেলমেট দিয়ে তার নাকে আঘাত করে এবং মারধর করে মোটরসাইকেল আরোহী স্থানীয় দুই সন্ত্রাসী।
এসময় দৌতলপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের গাড়ির জন্য অপেক্ষারত শিক্ষার্থীরা দৌড়ে এসে হামলাকারীদের ধাওয়া দেয়। কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছালে শিক্ষার্থীদের সহযোগিতায় হামলাকারীদের মোটরসাইকেলটি জব্দ করে এবং আরিফুল ইসলাম নামের আরেক স্থানীয় হামলাকারীকে আটক করে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে। পরে পুলিশ এসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে হামলাকারী আরিফুলকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
ইত্তেফাক/আনিসুর
