বড়লেখা উপজেলায় কাতার প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত গৃহবধূর চাচাতো ভাই জেলার কুলাউড়া উপজেলার কোরবানপুর গ্রামের বাসিন্দা ইমরান আলী বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় নিহত গৃহবধূ মাজেদা বেগমের চাচা শ্বশুর শরাফত আলীকে প্রধান আসামি করে ৯জনের নাম উল্লেখ ও আরও ৭/৮জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার পর এই ঘটনায় অভিযুক্ত তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন- উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি গ্রামের বাসিন্দা গৃহবধূর চাচা শ্বশুর মামলার প্রধান আসামি শরাফত আলীর স্ত্রী আলিফজান (৪২), একই বাড়ির মৃত আহমদ আলীর স্ত্রী নিহত গৃহবধূর সৎ শাশুড়ি মনোয়ারা বেগম ওরফে চলিতা বেগম (৫৬) ও ঝা নাছিমা বেগম (২৫)। শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
উল্লেখ, মঙ্গলবার রাতে উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি গ্রাম থেকে কাতার প্রবাসী আকামত আলীর স্ত্রী মাজেদা বেগম (৩৬), মেয়ে লাবণী বেগমের (৭) ঝুলন্ত লাশ ও মেঝে থেকে ছেলে ফারুক আহমদের (৪) লাশ উদ্ধার করে পুলিশ।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেব দুলাল ধর শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘মা-সন্তানসহ তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত তিন নারীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত আছে।
ইত্তেফাক/আরকেজি
