বাংলাদেশে আশ্রয় নেওয়া পাঁচ বছরের কম বয়সী রোহিঙ্গা শিশুদের এক-চতুর্থাংশই চরম অপুষ্টির শিকার বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। সংস্থাটি বলেছে, গত ২২ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে তিনটি জরিপ চালানো হয়েছে।
IMG0
এতে দেখা যায়, ২৫ শতাংশ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। বাকিরা নানা রোগে আক্রান্ত। জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক শিশুই রক্তস্বল্পতায় ভুগছে। ৪০ শতাংশের বেশি শিশু ডায়রিয়ায় আক্রান্ত।
IMG1
এছাড়া ৬০ শতাংশ শিশুর শ্বাস-প্রশ্বাস জনিত সংক্রমণের শিকার। ইউনিসেফের মুখপাত্র ক্রিস্টোফি বউলিরাকের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
বাংলাদেশে ইউনিসেফের প্রধান এডুয়ার্ড বেইবেদের বলেন, আমাদের সবচেয়ে খারাপ ভীতিটা এখন নিশ্চিত হয়েছে। রোহিঙ্গা শিশুরা এখন চরম স্বাস্থ্য সংকটের মুখোমুখি। ইউনিসেফ বলেছে, আশ্রয় নেওয়া শিশুদের মধ্যে মাত্র ১৬ শতাংশের কম ন্যূনতম গ্রহণযোগ্য মানের খাবার পাচ্ছে।
ইত্তেফাক/এমআর
