১৯৮৯ সালে চীনের তিয়েনআনমেন স্কয়ারে বিক্ষোভে সেনাবাহিনী পরিচালিত অভিযানে ১০ হাজার মানুষ নিহত হয়েছিল বলে সদ্য প্রকাশিত এক নথিতে জানা গেছে। সেই সময়ে চীনে যুক্তরাজ্যের দূতাবাস অ্যালান ডোনাল্ড গোপন কূটনৈতিক তারবার্তায় এ কথা বলেছেন।
ব্রিটিশ রাষ্ট্রদূতের তথ্যের উৎস ছিল চীনের স্টেট কাউন্সিলের সদস্যের বন্ধু। এর আগে অনুমিত সংখ্যাটা ছিল কয়েকশ থেকে ১ হাজার। চীনের স্টেট কাউন্সিল হচ্ছে তাদের মন্ত্রিপরিষদ যার প্রধান হচ্ছেন দেশটির সরকার প্রধান। ১৯৮৯ সালে জুনে চীন বিবৃতিতে বলেছিল, ‘প্রতিবিপ্লবী দাঙ্গায়’ ১৯৮৯ সালের ৪ জুন ২০০ বেসামরিক ও বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। অ্যালান ডোনাল্ডের টেলিগ্রামটি ৫ জুনের।
তারবার্তাটি লন্ডনে যুক্তরাজ্যের জাতীয় সংগ্রশালায় রক্ষিত রয়েছে এবং গত অক্টোবরে প্রকাশিত হয়েছে। ডোনাল্ড বলেন, তার সুত্র অতীতেও নিজেকে নির্ভরযোগ্য প্রমাণ করেছেন এবং গুজব, অনুমান থেকে সত্যকে পৃথক করতে জানেন। তিনি তারবার্তা লিখেন, ছাত্ররা মনে করেছিল তিয়েনআনমেন স্কয়ার ছাড়তে তাদের এক ঘণ্টা সময় দেয়া হয়েছে, কিন্তু ৫ মিনিট পরেই সেনাবাহিনী আক্রমণ করে। নিহতদের মৃতদেহ পিষ্ট করে সেটা বুলডোজার দিয়ে সংগ্রহ করা হয়। সংগৃহীত দেহাবশেষগুলো পুড়িয়ে দেহভস্ম হোসপাইপ দিয়ে নালায় ফেলে দেয়া হয়।
তিনি আরো লিখেন, চারজন আহত নারী শিক্ষার্থী তাদের ছেড়ে দিতে প্রার্থনা করে, কিন্তু তাদের বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। সেই সময়ের ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন, স্টেট কাউন্সিলের সদস্যদের অনেকেই তখন ধারণা করেছিল দেশে গৃহযুদ্ধ অবশ্যাম্ভাবী।
১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রের দাবিতে শিক্ষার্থীরা ৭ সপ্তাহব্যাপী বিক্ষোভ প্রদর্শন করে যা কমিউনিস্ট চীনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ বিক্ষোভ। চীনে বিষয়টি অনেক সংবেদনশীল, এই ঘটনার স্মরণ চীনে নিষিদ্ধ। এই ঘটনার বিষয়ে অনলাইনে আলোচনাও কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। তবে হংকং ও তাইওয়ানে বেশ আয়োজন করে এই ঘটনা স্মরণ করা হয়। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
