কোরীয় উপদ্বীপের উত্তেজনা হ্রাসে সবাইকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে চীন। গতকাল সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় এই কথা জানায়। রবিবার উত্তর কোরিয়া বলে, জাতিসংঘের ফের অবরোধ আরোপ যুদ্ধ ঘোষণার সামিল। এরপরই চীনের পক্ষ থেকে এই মন্তব্য আসলো।
গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার ওপর অবরোধ আরোপ করে একটি প্রস্তাব পাস করে। বারবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে নতুন করে অবরোধ আরোপ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অবরোধের প্রশংসা করলেও উত্তর কোরিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়।
গতকাল বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, জাতিসংঘের প্রস্তাবটি হয়তো অবরোধকে আরো শক্তিশালী করবে। কিন্তু এটা সাধারণ মানুষের ওপর কোনো প্রভাব ফেলবে না। কারণ এতে স্বাভাবিক অর্থনৈতিক লেনদেন, সহযোগিতা কিংবা মানবিক সহায়তায় কোনো অবরোধ আরোপ করা হয়নি। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী এক সাক্ষাত্কারে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার আহবান জানিয়েছেন। রয়টার্স।
ইত্তেফাক/সেতু
