প্রথমে ধর্ষণ করল প্রেমিক, তার পর ‘উদ্ধারকারীরা’!

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৪:০৯
 
প্রেমিকের উপর ভরসা করে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এক তরুণী(২৪)। কিন্তু, সে ভরসার দাম যে এ ভাবে মেটাতে হবে তা স্বপ্নেও পারেননি ওই তরুণী। প্রথমে সে প্রেমিকের কাছে ধর্ষণ শিকার হন। তার পর তিন উদ্ধারকারীর কাছে গণধর্ষণের শিকার হতে হয় তাকে। পুলিশের কাছে এমন অভিযোগই করেছেন ওই তরুণী। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চার জনকেই গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ভারতের ছত্রিশগড়ের রায়পুরে এ ঘটনা ঘটে।
 
ঘটনার তদন্তকারী এক অফিসার জানিয়েছেন, বিধবা ওই তরুণী রায়পুরের একটি স্থানীয় হোটেলে কাজ করেন। সুরেশ সাহু(২৪) নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। পুলিশের কাছে ওই তরুণী দাবি করেন, গত শনিবার সুরেশ তাকে কাপা এলাকার একটি রেল ইয়ার্ডে দেখা করতে বলেন। এর পর সেখানে সুরেশ তাকে ধর্ষণ করে।
 
ওই তরুণীর চিৎকারে ঘটনাস্থলে আসেন তিন যুবক। ওই তিন জনের কাছে সাহায্য চান নির্যাতনের শিকার ওই তরুণী। এর পর সুরেশকে হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন তারা। কিন্তু তাকে উদ্ধারের পরিবর্তে ধর্ষণ করে ওই তিন জন। ওই তরুণী আরো জানান, ঘটনার কথা জানালে তার ফল ভাল হবে না বলে রীতিমতো হুমকিও দেয় তারা।
 
ঘটনার পরের দিন পঁডরি থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তার অভিযোগের ভিত্তিতে সুরেশ সাহু, হরীশ চন্দ্রশেখর, ত্রিনাথ মহানন্দ ও বিনয় যাদব নামে চার যুবককে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার জানিয়েছে পুলিশ। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই চার জনেরই বয়স চব্বিশ-পঁচিশের মধ্যে। তাদের বিরুদ্ধেই ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআর