ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে এক হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাণীটিকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে কর্তৃপক্ষের সন্দেহ। বুধবার দেশটির এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
আচেহ প্রদেশের সংরক্ষণ কেন্দ্রের প্রধান সাপতো আজি প্রভো বলেন, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে ২২ ডিসেম্বর আচেহ প্রদেশের প্রত্যন্ত সেউনেউবোক বাইউ গ্রামের কাছে পাম বাগানে প্রাণীটির মৃতদেহ পাওয়া যায়। সাপতো জানান, ২৫ বছর বয়সী হাতিটি প্রায় ১০দিন আগে মারা গেছে।
তিনি বলেন, হাতিটির ময়নাতদন্ত রিপোর্টে জানা গেছে যে পরিপাকতন্ত্র কালো হয়ে গেছে। যা চিকিৎসকের কাছে বিষ প্রয়োগের আলামত। চলতি বছর প্রদেশে এ পর্যন্ত ১১টি বুনো হাতির মৃত্যু হয়েছে। যাদের বেশির ভাগই হত্যা বলে মনে করা হচ্ছে। এএফপি।
ইত্তেফাক/সেতু
