কানাডায় মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১২:২৪
 
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনের সাবেক এমপি, বিএনপি নেতা ও মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ড. মিয়া আব্বাস উদ্দিন স্থানীয় সময় বুধবার কানাডার রাজধানী অটোয়ার একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। 
 
মহান মুক্তিযুদ্ধ চলাকালে মিয়া আব্বাস তৎকালীন খুলনা বিভাগের আল বদর কমান্ডার ছিলেন। এরশাদের আমলে ১৯৮৮ সালে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। নব্বই দশকের শেষের দিকে তিনি বিএনপিতে যোগ দেন। এরপর তিনি মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় এলে মোরেলগঞ্জে তার নামে একাধিক মানবতাবিরোধী যুদ্ধাপরাধ মামলা হয়। এই মামলার তদন্ত শুরু হলে ড. মিয়া আব্বাস উদ্দিন কানাডায় পালিয়ে যান। 
 
ড. মিয়া আব্বাসের স্ত্রী সেতারা আব্বাস বিকালে মুঠোফোনে জানান, আমারা পরিবারসহ কানাডার নাগরিক। ছেলে-মেয়ে নিয়ে কানাডাতে স্থায়ীভাবে বসবাস করছি। সন্তানদের ইচ্ছানুযায়ী আমার স্বামীর লাশ শুক্রবার কানাডায় দাফন করা হবে।
 
ইত্তেফাক/ইউবি