রাহুল ব্যস্ত কাজে, গোয়ায় দেখা মিলল ‘নতুন’ সোনিয়ার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ০৯:৫৮
 
কখনও সমুদ্রের ধারে হেঁটে বেড়াচ্ছেন। কখনও ব্রেকফাস্টে দোসার স্বাদ নিচ্ছেন। আবার কখনও বা ঘুরে বেড়াচ্ছেন সাইকেল নিয়ে। কোনও উত্সাহী ভক্ত সেলফি তোলার আবদার করলে সাইকেল থামিয়ে তাও হাসিমুখে মেনে নিচ্ছেন। ভারতের বিরোধী দল কংগ্রেসের সভাপতির দায়িত্ব ছাড়ার পর এমন ফুরফুরে মেজাজেই দেখা যাচ্ছে সোনিয়া গান্ধীকে। মিডিয়ার কাছে এ যেন এক ‘নতুন’ সোনিয়া।
 
সম্প্রতি ছেলে রাহুল গান্ধীকে দলের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন সোনিয়া। এরপরই ঘুরতে বেরিয়ে পড়েছেন তিনি। আর সেই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ছবি। দলীয় সূত্র জানায়, গোয়ার একটি বেসরকারি রিসোর্টে মঙ্গলবার থেকে ছুটি কাটাচ্ছেন সোনিয়া। রাজনীতির আঙিনা থেকে দূরের এই সময়টা ভীষণ উপভোগ করছেন তিনি। হাতেগোনা কয়েক জন বন্ধুর সঙ্গে সেখানে উঠেছেন তিনি। রিসোর্টের কর্মীরা জানিয়েছেন, যোগব্যায়াম করে ও বইয়ের পাতায় চোখ রেখেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন ৭১ বছর বয়সী এই নারী। দলের দায়িত্বে থাকাকালীন যে রাশভারী সোনিয়াকে এতদিন মানুষ দেখেছে দলের ভার ঘাড় থেকে নামানোর পর তারা এখন দেখছেন এক হাসিখুশি সোনিয়াকে।
 
গোয়ায় যখন ছুটি উপভোগে মশগুল সোনিয়া, তখনই দলীয় কাজে ডুবে রয়েছেন ছেলে রাহুল গান্ধী। গত ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। তার পর থেকেই কখনও গুজরাটে কংগ্রেসের আশাপ্রদ ফলাফলের পর্যালোচনা করছেন তো কখনও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে হারের বিশ্লেষণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইংরেজি নববর্ষে কোনও ছুটি না নিয়ে তিনি রাজনৈতিক, সাংগঠনিক বা সংসদীয় কাজেই থাকবেন বলে দলে পক্ষ থেকে জানানো হয়েছে। সোনিয়া গোয়া থেকে ছুটি কাটিয়ে দিল্লি ফিরবেন জানুয়ারির প্রথম সপ্তাহে। সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/এমআর