জলহস্তীর জন্মদিনে কেক কাটলেন ভারতের বনমন্ত্রী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ২১:১১
ভারতে ‘রাজা’ নামের ৪৫ বছর বয়সী এক জলহস্তীর জন্মদিনে কেক কেটেছেন ভারতের বনমন্ত্রী প্রমীলা রানি ব্রহ্ম। স্থানীয় এক চিড়িয়াখানার ডিএফও তেজাস মারিস্বামী জানান, চিড়িয়াখানায় থাকা প্রাণীদের ব্যাপারে সচেতনতা বাড়াতে ও বাচ্চাদের মধ্যে পশু প্রেম ছড়ানোর জন্য প্রতিমাসে চিড়িয়াখানার বাসিন্দাদের জন্মদিন পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অক্টোবরে প্রথম জন্মদিন পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার ‘খুশি’র। নভেম্বরে পালিত হয় সোনালি হনুমান ‘জুন’ এর জন্মদিন। এবার ছিল ‘রাজা’র পালা।
IMG0
জানা গেছে, আজকের ‘বার্থ ডে বয়’ রাজার জন্ম ১৯৭২ সালের ৩০ ডিসেম্বর। ১৯৭৫ সালের ১১ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে আসামে আনা হয়ে একে। বিভিন্ন রানির সঙ্গে জীবন কাটিয়ে গুয়াহাটির ‘রাজা’ পাঁচ সন্তানের পিতা হয়েছেন। শুধু জলহস্তীদের মধ্যে নয়, ৪৫ বছর বয়সী রাজা আপাতত গোটা চিড়িয়াখানাতেই সবচেয়ে প্রবীণ সদস্য। উল্লেখ্য, জলহস্তীদের জীবনকাল হয় সাধারণত ৪০ থেকে সর্বাধিক ৫০ বছর। 
 
ইত্তেফাক/সেতু