ভারত শাসিত কাশ্মিরে জঙ্গি হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর অন্তত এক আধাসামরিক সৈন্য নিহত ও অপর দুই জন আহত হয়েছে। রবিবার ভোরে জঙ্গিরা সিআরপিএফ-এর শিবিরে হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ভারত শাসিত কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণে পুলওয়ামা জেলার লেথপোরা-আওয়ান্তিরোরা গ্রামের শ্রীনগর-জম্মু মহাসড়কের কাছে অবস্থিত এই শিবিরে ঢোকার সময় বন্দুকধারীরা গুলি ও গ্রেনেড ছুঁড়ে। এরা জঙ্গি গ্রুপের আত্মঘাতী স্কোয়াডের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
সিআরপিএল এর শ্রীনগর শাখার মুখপাত্র রাজেশ যাদব বলেন, আজ ভোরে ভারী অস্ত্রে সজ্জিত জঙ্গিরা আমাদের একটি শিবিরে হামলা করে। এ সময় তারা ব্যাপক গুলি বর্ষণ ও গ্রেনেড হামলা চালায়। এই হামলায় সিআরপিএফ এর এক সদস্য নিহত ও অপর দুইজন আহত হয়েছে।
যাদব আরো জানান, জঙ্গিদের সংখ্যা তিন থেকে চার জন। এরা ক্যাম্পের একটি ভবনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। শিবিরটির বাইরে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। আধাসামরিক বাহিনীর আহত সদস্যদের হাসপাতালে পাঠানো হয়েছে। জঙ্গিদের মোকাবেলা করার জন্য পুলিশ ও সেনাবাহিনীর গাড়ির বহর ঘটনাস্থলে পৌঁছেছে।
ইত্তেফাক/এমআর
