‘আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর’

আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৬:৪৩
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বলেছেন, ‘আজকের শিশুরাই হবে আগামী দিনের বাংলাদেশ গড়ার কুশলী কারিগর। তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। তাদের লেখাপড়াকে আনন্দময় করে তুলতে বছরের প্রথম দিনটিতে নতুন ক্লাসের বই তাদের হাতে তুলে দিতে সরকার যে উদ্যোগ নিয়েছে তা সফল করার দায়িত্ব সবার।’ 
 
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় শেখ রাসেল মডেল স্কুল ও সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় স্কুলে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 
 
উপাচার্য বলেন, ‘এদেশের ভবিষ্যত তোমাদের উপরই নির্ভর করছে। শিক্ষার অন্যতম উদ্দেশ্য বিশ্ব মানবতার কল্যাণ। সেই ব্রত নিয়ে শিক্ষার আলোয় আলোকিত তোমাদের জীবন দেশ ও জাতিকে কল্যাণ ও সমৃদ্ধির পথে নিয়ে যাবে। তবেই সামগ্রিকভাবে আমরা বিশ্বসমাজে মর্যাদার আসন করে নিতে পারবো।’
 
রাবি স্কুলের অধ্যক্ষ মো. শফিউল আলমের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আনসার উদ্দিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি