ভারতের মুম্বাইয়ে ভয়াবহ হামলার মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত হাফিজ সাঈদের তিনটি সংগঠনে আর্থিক অনুদান দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করলো পাকিস্তান। এর আগে, হাফিজ সাঈদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এছাড়া তার তিন সংগঠন লস্কর-ই-তৈয়বা, জামাত-উদ-দাওয়া এবং ফালাহ-এ-ইনসানিয়াত ফাউন্ডেশনকেও নিষিদ্ধ করা হয়।
এই তিন সংগঠনের বিরুদ্ধে এবার পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ ‘সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব পাকিস্তান (এসইসিপি) বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যেসব ব্যক্তি ও সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছে, কোনো কোম্পানি যেন তাদের অনুদান না দেয়। নির্দেশ না মানলে মোটা অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়তে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইসলামাবাদ সূত্রের খবর, দাতব্য প্রতিষ্ঠানের নামে যেসব সংগঠন হাফিজ সাঈদ চালাচ্ছে, সেই সব প্রতিষ্ঠানের যাবতীয় নিয়ন্ত্রণ পাকিস্তানের সরকার নিজের হাতে নিতে চাইছে। সেই অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশ গত ১৯ ডিসেম্বরই বিভিন্ন প্রাদেশিক সরকারের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। হাফিজের সংগঠনকে আর্থিক অনুদান দেয়ার ওপরে নিষেধাজ্ঞাও ওই একই দিনে জারি হয়। এনডিটিভি।
ইত্তেফাক/সেতু
