বিটকয়েনের কেনা-বেচা ইসলামে নিষিদ্ধ বলে ফতোয়া জারি করেছেন মিশরের গ্র্যান্ড মুফতি বা শীর্ষ ইমাম। শেখ শাউকি আলাম তার ফতোয়ায় বলেছেন, এই ডিজিটাল মুদ্রার লেনদেনে ‘জালিয়াতি এবং প্রতারণা’ সুযোগ রয়েছে, সুতরাং ইসলামে এর লেনদেন নিষিদ্ধ।
তবে সম্প্রতি বিটকয়েন মুদ্রাবাজারে ব্যাপক ঝড় তুলছে। গত বছর যেখানে একটি বিটকয়েনের মূল্যমান ছিল ১০০০ মার্কিন ডলার। ২০১৭ সালের শেষে এসে সেই মূল্যমান দাঁড়ায় ২০,০০০ ডলার। অবশ্য তারপর এক সপ্তাহের মধ্যে বিটকয়েন ২৫ শতাংশ মূল্য হারায়। পর পরই বিশেষজ্ঞরা এই মুদ্রার ঝুঁকি নিয়ে হুশিয়ারি দিতে শুরু করেন।
IMG0
মিশরের গ্র্যান্ড মুফতি বলেছেন, ডিজিটাল এই মুদ্রার কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রক প্রতিষ্ঠান নেই, ফলে এর ব্যবসার সাথে ঝুঁকি জড়িত। মিশরের দৈনিক আল আহরামকে তিনি বলেন, ‘বিটকয়েন শরিয়া বিরোধী, কারণ এটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য অপরিসীম ক্ষতি ডেকে আনতে পারে।’ গ্র্যান্ড মুফতির একজন মুখপাত্র মাগদি আশুর ইজিপ্ট টুডে পত্রিকাকে বলেছেন, ‘বিটকয়েন দিয়ে সন্ত্রাসবাদে তহবিল জোগানো হচ্ছে।’ গত বছর অগাস্ট মাসে মিশরে বিটকয়েন লেনদেনের জন্য এক্সচেঞ্জ বা বাজার চালু হয়। তবে গত মাসে সেদেশের সরকার এই ডিজিটাল মুদ্রাকে নিষিদ্ধ করেছে। বিবিসি।
ইত্তেফাক/সেতু
